নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগে আবারও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন জামায়াত নেতারা। গতকাল রবিবার সন্ধ্যায় হাসাইগাড়ী ইউনিয়নের গোটাই ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের পৌর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য কমিটির আহ্বায়ক এবং জামায়াত নেতা অধ্যাপক মহিউদ্দিন এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মহিউদ্দিন অভিযোগ করেন, “আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের দ্বারা বারবার আমাদের প্রার্থী এস এম সায়েম বাধাগ্রস্ত হচ্ছেন। গতকাল রবিবার সন্ধ্যায় হাসাইগাড়ী ইউনিয়নের গোটাই ব্রিজের নিকট আমাদের প্রার্থী নেতাকর্মীসহ গণসংযোগ করার সময় তারা এসে বাধা দেয় এবং আমাদের উপর চড়াও হয়।”
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
অধ্যাপক মহিউদ্দিন জানান, এর আগেও একই ইউনিয়নে তাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছিল এবং সে ব্যাপারে তারা মামলা করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসনকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসে বিশ্বাসী নন উল্লেখ করে তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সম্প্রতি গঠিত জেলার ১১ দলীয় নির্বাচনী ঐক্য কমিটির ঘোষণা দেওয়া হয়। ২৩ সদস্যের এই কমিটিতে জামায়াত নেতা অধ্যাপক মহিউদ্দিনকে আহ্বায়ক এবং এনসিপি নেতা ইসলাম ইসলাম তপুকে সদস্যসচিব করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















