আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ব্যাপক প্রস্তুতি চলছে। এই আসনে মোট ১২১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে স্থানীয় প্রশাসন ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিহ্নিত ৫০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪১টিকে ‘স্বাভাবিক ঝুঁকিপূর্ণ’ এবং ৯টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো হলো: ফুলবাড়িয়া সরকারি মহিলা বিদ্যালয়, সন্তোষপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাঁশদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, দাওশা পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড় জয়না উচ্চ বিদ্যালয়।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, ভোটগ্রহণের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন ক্যাপ্টেন ও ১ জন মেজর দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন পুলিশ সদস্যসহ ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও, ১২০ জন সেনা সদস্য, ৩০ জন বিজিবি সদস্য, ব্যাটালিয়ন আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নির্বাচন চলাকালীন সময়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
ফুলবাড়ীয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬ হাজার ৮৫৭ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৬ হাজার ৪৫৫ জন এবং হিজড়া ভোটার ২ জন।
রিপোর্টারের নাম 





















