আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ব্যাপক জনসমাগম ঘটিয়ে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় জোটের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে জামালপুর-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীসহ প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে নির্বাচনী মাঠে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি।
সোমবার বিকেল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার এন এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এন এম উচ্চ বিদ্যালয় মাঠে ফিরে আসে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’র স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড, যেখানে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি, সুশাসন, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবিগুলো তুলে ধরা হয়।
গণমিছিল শেষে একই মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। এছাড়া উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ মাস্টার, সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন, সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম রাশেদীসহ স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন যে, দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দেশের সার্বিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তারা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান এবং ভোটারদেরকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার আচরণ নিশ্চিত করার দাবিও জানান। একই সাথে তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেন। গণমিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
রিপোর্টারের নাম 






















