আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ঘোষণা করেছেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় এলে দেশের সাধারণ পরিবারের নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।
হুমায়ুন কবির তার বক্তব্যে এই আর্থিক সহায়তাকে কোনো দয়া নয়, বরং নারীদের অধিকার হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামানের পক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে শ্যামনগরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ এবং পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। উপকূলীয় এই অঞ্চল আর অবহেলার জায়গা থাকবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় সভাপতিত্ব করেন ধানের শীষের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তৃতায় শ্যামনগরের উন্নয়নে একাধিক মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। ডা. মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে উপকূলীয় শ্যামনগরে আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যা ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করে জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষাক্ষেত্রে শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং শ্যামনগরকে একটি পরিকল্পিত পর্যটন এলাকায় রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি কোনো ধরনের হয়রানি না করার আশ্বাস দিয়ে ডা. মনিরুজ্জামান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, মন্দির ও প্যাগোডার ধর্মীয় নেতাদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের সুদূরপ্রসারী পরিকল্পনার কথাও তার বক্তব্যে উঠে আসে।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান, মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খান এবং সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার। জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাদের প্রার্থীর প্রতি সমর্থন জানান।
রিপোর্টারের নাম 






















