গাজীপুরের টঙ্গীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে টঙ্গীর হোন্ডা রোডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত নির্বাচনী মিছিলটি টঙ্গীবাজার বাটাগেট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শুরু হয়। একপর্যায়ে মিছিলটি সেনা কল্যাণ কমপ্লেক্সের হোন্ডা রোড পর্যন্ত বিস্তৃত হয়। বিএনপি অফিসের সামনে মিছিলের জন্য সাজিয়ে রাখা গ্যাস বেলুনগুলো হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (১২), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ও ইমরান (২০) সহ আরও অনেকে।
ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দগ্ধ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে আহতদের অনেকের ১৮ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টারের নাম 























