আসন্ন নির্বাচনে বিজয়ী হলে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তার দাবি, এই মডেল আসন সারাদেশের পরিবর্তনে অনুঘটক হিসেবে কাজ করবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গুলশান-১ এর ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. খালিদুজ্জামান তার ইশতেহারে উল্লেখ করেন, সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে এই ব্যতিক্রমী নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের পরামর্শের ভিত্তিতে ঢাকা-১৭ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার একটি বিস্তারিত রূপরেখা এতে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে এদিন সকালে গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ডা. খালিদুজ্জামান। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভাষানটেক বিআরবি মাঠ থেকে ডা. খালিদুজ্জামানের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে একটি নারী মিছিল বের হয়। এতে ডা. খালিদুজ্জামান ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম নেতৃত্ব দেন। মিছিলে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ গোলচত্বর থেকে আরও একটি নির্বাচনী গণসংযোগ ও মিছিল শুরু হয়। এতে ডা. খালিদুজ্জামান, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। মিছিলটি গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকেই ডা. খালিদুজ্জামান গুলশান-১ এর ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারের শেষ সময় পর্যন্ত তিনি ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রাখবেন।
রিপোর্টারের নাম 























