আসন্ন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিলানোর প্রচেষ্টাকে ভিন্নভাবে মোকাবিলার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ভোটের আগে কেউ টাকা বা উপহার দিলে তা গ্রহণ করলেও ভোট দিতে হবে নিজের পছন্দমতো ও বিবেক অনুযায়ী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বলেন, “টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো।”
রুমিন ফারহানা তার বক্তব্যে উল্লেখ করেন, যারা নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, সেই অর্থ সাধারণত বৈধ পথে অর্জিত নয়। তাই সেই টাকা নিলেও নিজের ভোটাধিকার বা বিবেক বিক্রি করা যাবে না। তিনি মনে করেন, বিবেক কখনো কোনো পণ্যের মতো কেনাবেচার বিষয় হতে পারে না।
নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘ দিন ধরে অর্থ ও প্রতিপত্তির মাধ্যমে কলুষিত করা হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের সচেতনতা ও সাহসিকতা প্রয়োজন। লোভ বা ভয়ের কাছে নতি স্বীকার না করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, জনগণ যদি কোনো প্রলোভনে পা না দিয়ে সাহসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে, তবেই নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসা সম্ভব। গণতন্ত্র রক্ষায় সঠিক প্রার্থীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























