চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ভোটারদের কেন্দ্রে আসার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারা জনগণের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। হেলালী বলেন, “জনগণ ভোটের তৃষ্ণা নিয়ে অপেক্ষা করছে। ভোট দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার। কোনো অপশক্তি যদি ভোটারদের পথ আগলে ধরার চেষ্টা করে, তবে জনতাকেই সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।”
এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নাগরিকদের সন্তুষ্টির মাধ্যমেই সামনে এগোতে হবে; অন্য কোনো দুরভিসন্ধিমূলক পরিকল্পনা চট্টগ্রাম-১০ আসনে সফল হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, হালিশহর, ডবলমুরিং ও পাহাড়তলী এলাকার বিভিন্ন স্থানে নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং ভীতি সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে হেলালী একে ‘অযৌক্তিক’ ও ‘বৈষম্যমূলক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, নাগরিকদের খবরাখবর আদান-প্রদানের জন্য মোবাইল ফোন অত্যন্ত জরুরি। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভোটাররা হয়রানির শিকার হবেন। এছাড়া তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় ‘ডামি প্রার্থী’ দিয়ে এজেন্টদের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে এবং ভোটের দিন গণ্ডগোল পাকিয়ে নারী ভোটারদের তাড়ানোর ছক কষা হয়েছে।
নির্বাচনী ইশতেহারে অধ্যক্ষ হেলালী একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ চট্টগ্রাম-১০ আসন গড়ার একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। তার উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে— দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন। এছাড়া জলাবদ্ধতা নিরসন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদকবিরোধী আন্দোলন, বস্তিবাসীদের পুনর্বাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়াসার পানি সংকট ও লবণাক্ততা দূর করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একটি মানবিক ও উন্নত জনপদ গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























