একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলমের সমর্থনে একাদশ জাতীয় নির্বাচনী ঐক্যজোট এক বিশাল নির্বাচনী গণমিছিল ও জনসভার আয়োজন করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানান। তারা বলেন, দেশের জনগণ আর এমন নেতাদের দেখতে চায় না যারা চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। দেশের মানুষ এখন আমূল পরিবর্তন চায় এবং উন্নত ও সমৃদ্ধ দিনাজপুর গড়ার লক্ষ্যে অ্যাডভোকেট মো. মাইনুল আলমের পাশে থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের একাদশ জাতীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট মো. মাইনুল আলম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা, ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং ডাকসুর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মো. রেজাউল ইসলাম।
সমাবেশ শেষে বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার থেকে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্ধন কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এই গণমিছিলে একাদশ জাতীয় নির্বাচনী জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও অংশগ্রহণ করেন, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।
রিপোর্টারের নাম 























