বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গ্লোবাল অ্যাভিয়েশন গ্রুপে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত ‘বিয়ন্ড ইউথ বোয়িং’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, নতুন বহরে লিজের মাধ্যমে যুক্ত হবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নিরাপত্তা ও মানসম্মত সেবার মাধ্যমে ইউএস-বাংলা দেশীয় এয়ারলাইন্স থেকে আন্তর্জাতিক এয়ার ক্যারিয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন এবং পাইলট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে। একই সঙ্গে ইউএস-বাংলার ২১টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ায় দেশের এভিয়েশন খাতের সক্ষমতা আরও বাড়বে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ইউএস-বাংলার এই বিনিয়োগ কেবল বহর সম্প্রসারণ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। তিনি জানান, ইউএস-বাংলা প্রায় ২০০ বাংলাদেশি পাইলটকে উন্নত প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে। এছাড়া ভবিষ্যতে আরও ন্যারোবডি ও ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে দেশের আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৭০ শতাংশ বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের অংশীদারিত্ব বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















