কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলের প্রার্থী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একটি ভোট চুরির ষড়যন্ত্রের অংশ। তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভোট চুরির সুযোগ যাতে কেউ ধরতে না পারে, সে কারণেই মোবাইল ফোন নিষিদ্ধ করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “জুলাই মাসে আমরা দেখেছি, কয়েকটি গণমাধ্যম ছাড়া প্রায় সবখানেই নির্বাচনী পরিবেশ শান্ত ছিল। কিন্তু আমাদের মোজো-সিটিজেন সাংবাদিকরা মূল খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। স্বাধীন সংবাদ প্রচারের জন্য ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দিতেই হবে।” তিনি বলেন, প্রথমে বিএনসিসিকে বাদ দেওয়া হয়েছিল, আর এখন মোবাইল সাংবাদিকদেরও বাদ দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা এবং জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করবে।
প্রবাসী মাসুদ পারভেজ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন, জয়নাল আবেদিন, ছাত্রশক্তি নেতা মেহেদী হাসান, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ জামায়াত-এনসিপির মোহনপুর ও বরকামতা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























