বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কেবল একটি প্রক্রিয়া নয়, বরং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যম। বর্তমানে সাধারণ মানুষের প্রধান কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু হলো—আগামী দিনে তাদের জীবনযাত্রায় কী পরিবর্তন আসবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের সেই ভবিষ্যৎ নিরাপত্তা ও জীবন-জীবিকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সোমবার চট্টগ্রামের মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১১ আসনের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার ঘোষণার লক্ষ্যেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে আদর্শিক মিল থাকা অপরিহার্য। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ৪২টি দলের সমন্বয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রদান করা হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। এসব কর্মসূচির সঙ্গে যাদের দর্শনের মিল থাকবে, তাদের সঙ্গেই আলোচনার পথ খোলা থাকতে পারে। তবে বিষয়টি সম্পূর্ণভাবে দলের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
চট্টগ্রাম-১১ আসনের স্থানীয় ভোটারদের জন্য নিজের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে আমীর খসরু ১১ দফার একটি বিশেষ ইশতেহার ঘোষণা করেন। তার এই পরিকল্পনার প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ১২০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপন। সেই সঙ্গে অবহেলিত মাতৃসেবা খাতের উন্নয়নেও তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বেকারত্ব দূরীকরণে আমীর খসরু তার ইশতেহারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়েছেন। এছাড়া বন্দর-পতেঙ্গা এলাকাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। এলাকার দীর্ঘদিনের সমস্যা নিরসনে ভূগর্ভস্থ পানির সংকট দূর করা, যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান এই বিএনপি নেতা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও নাগরিক সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার মাধ্যমে একটি আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও তার ইশতেহারে স্থান পেয়েছে।
রিপোর্টারের নাম 
























