আসন্ন নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) কড়া বার্তা দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, বর্তমান কমিশন যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পক্ষপাতমূলক কোনো ভূমিকা নেয়, তবে তাদের অবস্থা আরও ভয়াবহ হবে।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১১ আসনের এই প্রার্থী নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এতদিন অনেক কিছু সহ্য করলেও নির্বাচনের আগমুহূর্তে ভোট কারচুপি, গণমাধ্যমকে সংবাদ প্রচারে বাধা প্রদান কিংবা জনগণের তথ্য অধিকার খর্ব করার মতো কোনো আইন চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
বিশেষ করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, “ইসি কোন আইন বলে এই অদ্ভুত নিয়ম জারি করেছে তা আমাদের বোধগম্য নয়। আমরা স্পষ্ট করে বলছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিতর্কিত বিধি পরিবর্তন করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
জনসভায় তিনি আরও উল্লেখ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। জনসভায় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























