দীর্ঘদিনের ইনজুরি ও অফফর্মের কারণে বিশ্বকাপ দলে নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সমালোচনা মোকাবেলা করতে হয়েছিল। কাফের ইনজুরির কারণে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই তারকা খেলোয়াড়কে নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। তবে, সম্প্রতি হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ব্রাজিল কোচ আনচেলত্তি সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন নেইমার।
আনচেলত্তি বলেন, “নেইমার আগামীকাল (আজ) আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে সম্পূর্ণ ফিট থাকবে।” বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হলেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড কোনোটিতেই মাঠে নামেননি। কাফের ইনজুরির কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় শেষ গ্রুপ ম্যাচে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
নেইমারকে ছাড়াই ব্রাজিলের আক্রমণভাগ দারুণ ছন্দে রয়েছে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। অন্যদিকে, ম্যাথিউস কুনহা জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ভিনিসিয়ুস ও কুনহাই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন হলে নকআউট পর্বের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























