বিশ্বখ্যাত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৭ সালের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে এবার স্থান করে নিতে পারেনি খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। একসময় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সেই সুনাম হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) কিউএস-এর ওয়েবসাইটে প্রকাশিত হয় এই র্যাঙ্কিং। এতে বিশ্বের মোট ১৫০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম অনুপস্থিত। যদিও ২০২৪ সাল থেকে ধারাবাহিক ভাবে এই তালিকায় খুবির নাম থাকলেও এবারই প্রথম এটি বাদ পড়লো।
কিউএস-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর আগে, ২০২৪ সালের র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৪০০-এর পরে। এরপর ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে খুবির অবস্থান কিছুটা উন্নত হয়ে ১২০০-১৪০০ এর মধ্যে আসে। তবে ২০২৬ সালে এটি আবার ১৪০০-এর পরে চলে যায় এবং সর্বশেষ ২০২৭ সালের তালিকায় সম্পূর্ণভাবে বাদ পড়লো।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ অনুযায়ী, বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), এবং তৃতীয় স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করে বলেন, “একসময় আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন র্যাঙ্কিং তালিকা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম বাদ পড়ছে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি করছে।”
রিপোর্টারের নাম 

























