বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের পদ স্থগিত নেতা জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গত ১৯ জুন বিকেল ৫টায় উপজেলার রেন্ট্রিতলা স্টেশন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজির অভিযোগে পদ স্থগিত হওয়ার পরও জাকির মোল্লা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এর প্রতিবাদেই তারা এই কর্মসূচির আয়োজন করেন। বিক্ষোভকারীরা জাকির মোল্লার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিভিন্ন অপকর্মের বিচার দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পদ স্থগিত হওয়ার পর জাকির মোল্লা সংবাদ সম্মেলন করে স্থানীয়দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যারা তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও তারা জানান।
উল্লেখ্য, গত ১৬ জুন চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাকির মোল্লার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছিল।
বিক্ষোভ কর্মসূচিতে জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর শিকদার, আব্দুল মালেক ভেন্ডার, ইসমাইল হাওলাদার, আনোয়ার হোসেন, মো. ইসমাইল মুন্সী, তাকাব্বর সর্দার, মো. সবুজ, মোহাম্মদ আইয়ুব আলী, সেকান্দার আলি পেদা, মো. মিলন খান ও মোহাম্মদ ইয়াসিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জাকির মোল্লার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। ঘটনার পর থেকে আমি কাউকে কোনো ধরনের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।’
রিপোর্টারের নাম 





















