মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর বাজারে নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় তিনি ভবেরচর গ্রামীণ বাজারে প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন।
জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে এই নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই। প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে আধুনিক এই মার্কেট ভবনটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই আধুনিক মার্কেট ভবন উদ্বোধনের মাধ্যমে ভবেরচর বাজারে ব্যবসা-বাণিজ্যের অবকাঠামো আরও উন্নত হবে।
বাজার ভবন উদ্বোধনের পাশাপাশি, মুন্সীগঞ্জ যাওয়ার পথে গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ফুলদি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দিয়েছেন যে, অচিরেই এই নদীর উপর সেতু নির্মাণ করা হবে। তিনি আরও জানান যে, এলজিইডির প্রধান প্রকৌশলী ইতোমধ্যেই বিষয়টি পরিদর্শন করেছেন এবং সার্ভে করার জন্য লোক পাঠানো হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রিপোর্টারের নাম 
























