আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের তিনটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সন্ধ্যা ৬টা থেকে এই ভাষণগুলো পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।
দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তাদের ভাষণগুলোও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে দেশজুড়ে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
রিপোর্টারের নাম 
























