আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। রোববার দুপুরে সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা ‘ধানের শীষ’ প্রতীকে আসলাম চৌধুরীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আসলাম চৌধুরীর সহোদর ভাই ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।
বক্তব্যে মুক্তিযোদ্ধারা অধ্যাপক আসলাম চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানুষের প্রতি তার নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা এবং কারাবরণের মতো ত্যাগী দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, “দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার হলেও আসলাম ভাই কখনো মানুষের পাশ থেকে সরে যাননি। জেলখানার নির্যাতন তাকে দমাতে পারেনি, বরং আরও মানবিক ও দৃঢ় করেছে।” মুক্তিযোদ্ধারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এবং নির্যাতিত একজন নেতার হাতেই এলাকার ভবিষ্যৎ সুরক্ষিত। তাদের মতে, যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে কারাগারে কাটিয়েছেন, তিনিই প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করেন। এ কারণেই আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে জাতীয় সংসদে পাঠানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের এই সম্মান ও ভালোবাসা অধ্যাপক আসলাম চৌধুরীর রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তিনি সংসদ সদস্য না হয়েও আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। নির্বাচিত হলে তিনি মুক্তিযোদ্ধা পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি আরও যোগ করেন, সীতাকুণ্ডকে একটি মানবিক, উন্নয়নবান্ধব ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তর করাই আসলাম চৌধুরীর মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 

























