নারীদের মর্যাদা ও অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও চরিত্র হননের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় শফিকুর রহমান বলেন, “আমি মা-বোনদের ইজ্জত ও সম্মানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছি এবং তাদের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছি। আর এই কারণেই আমাকে লক্ষ্য করে অপপ্রচারের ‘মিসাইল’ ছোড়া হচ্ছে।” নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সাইবার অপরাধের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। অপরাধী চিহ্নিত হওয়ার পরেও একটি পক্ষ নির্লজ্জভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে জামায়াত আমির আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রবাসীরা কেবল দেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন, তারা দেশের সম্মানিত নাগরিক। অনেক পক্ষ প্রবাসীদের ভোটাধিকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও জামায়াতে ইসলামী তাদের পূর্ণ নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যারা প্রবাসীদের কেবল অর্থ উপার্জনের যন্ত্র মনে করেন, তাদের এমন সংকীর্ণ মানসিকতার সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, সিলেটে এই জনসভায় যোগ দেওয়ার আগে ডা. শফিকুর রহমান একই দিন সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেন। এসব সভায় তিনি আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























