লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হাসানকে হত্যার বিচার দাবিতে তার সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১১টায় ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির সামনে তারা ‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদীরে ফিরিয়ে দে’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’—এমন স্লোগান সম্বলিত পোস্টার, প্লাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা জানান, মেহেদী হত্যার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো কোনো খুনি গ্রেপ্তার হয়নি। তারা প্রশাসনের কাছে দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১৬ জুন মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মেহেদীর বাবা গত বৃহস্পতিবার একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান ও শিক্ষার্থীসহ ১৮ জনের নামে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল ১৯ জুন শুক্রবার লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং নোয়াখালী-১ চাটখিল আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিদ্যালয়টি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















