পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার পিরোজপুরের জিয়ানগরের সরকারি ইন্দুরকানী কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান এবং জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মহব্বত খান।
মাসুদ সাঈদী এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের প্রতিভা বিকাশ, নেতৃত্বের গুণাবলী অর্জন এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে বিদ্যমান বৈষম্য, অন্যায় ও অবক্ষয় দূর করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রিপোর্টারের নাম 
























