বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক এবং ফুটবল ও হকির কিংবদন্তি খেলোয়াড় আব্দুস সাদেক আর বেঁচে নেই। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর আজ সকালে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাধীনতার পর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক এক অবিস্মরণীয় নাম। তিনি শুধু দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়কের দায়িত্বই পালন করেননি, বরং ফুটবল মাঠেও তাঁর সমান বিচরণ ছিল। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হওয়ার গৌরবও তাঁর দখলে ছিল। সত্তর ও আশির দশকে ফুটবল ও হকির মতো দুটি ভিন্ন খেলায়ই তিনি নিজের দক্ষতা ও নৈপুণ্যের স্বাক্ষর রেখেছিলেন। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের নেতৃত্বও তাঁর কাঁধে ছিল। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। খেলোয়াড়ি জীবনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এক শোকবার্তায় বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। ফুটবল ও হকি উভয় ক্ষেত্রেই তাঁর অবদান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 


















