বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির বর্তমান স্বরূপ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশের শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোও আলোচনায় স্থান পায়।
প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তারেক রহমান ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে দেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন। ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এছাড়া ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসানও এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন।
রিপোর্টারের নাম 

























