আসন্ন নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি দাবি করেন, লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ জাল সিল তৈরির ঘটনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের সম্পৃক্ততা এই ষড়যন্ত্রের অন্যতম প্রমাণ।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন অভিযোগ করে বলেন, ধর্মীয় অনুভূতিকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে বড় পরিসরে বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, লক্ষ্মীপুরে ভোটের জন্য অবৈধ সিল তৈরির দায়ে গ্রেফতারকৃত এক প্রিন্টিং প্রেস মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব জাল সিল তৈরি করা হয়েছিল।
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে, বিশেষ করে নারী বুথগুলোতে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগের দাবি জানান মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী প্রত্যেক ভোটারের মুখ দেখে পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক করতে হবে।
এছাড়া, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অসংগতি রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রিপোর্টারের নাম 

























