হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাক থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে ব্যাটালিয়নের একটি চৌকশ আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক দ্রুত গাড়িটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং বিভিন্ন প্রকার ওষুধ, যার মধ্যে ‘মেলানোসাইল’ উল্লেখযোগ্য, উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, পাচারের উদ্দেশ্যে এসব অবৈধ পণ্য আনা হচ্ছিল। পণ্য ও ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























