ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ভাঙচুর, পোড়ানো এবং ফেস্টুনে গোবর মাখানোর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় যোগদানের পথে এই অভিযোগ তোলেন প্রার্থী রাশেদ খান।
তিনি জানান, উপজেলার ঘোরশাণ ও ফুরসুন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানেও একইভাবে তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে।
রাশেদ খান অভিযোগ করে বলেন, “অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের বিলবোর্ড অক্ষত থাকলেও পরিকল্পিতভাবে আমার নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন এলাকায় আমার ধানের শীষ প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে টাঙানো ফেস্টুনে গোবর মাখানো এবং পানের পিক নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও অসংখ্য জায়গা থেকে আমার ফেস্টুন খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য চরম হুমকি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করে তিনি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রিপোর্টারের নাম 

























