বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতারা দলের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান। এছাড়াও হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন ও আজমির হোসেন এবং সাবেক সদস্য সচিব সামছুল আরেফিন রুস্তমও রয়েছেন এই তালিকায়।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদলের নেতাদের মধ্যে বহিষ্কৃত হয়েছেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, হাতিয়া সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম তারিফ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























