আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রার্থীর সশস্ত্র রিটেইনারদের বৈধ আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে দাখিল করা আবেদনটি আইনানুগভাবে বিবেচনার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। ওই চিঠিতেই এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তাঁর সঙ্গে নিয়োজিত সশস্ত্র রিটেইনারদের জন্য বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আইনানুগভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























