অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরুর যে সিদ্ধান্ত বাংলা একাডেমি গ্রহণ করেছে, তাকে ‘একতরফা, অগণতান্ত্রিক ও আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছেন দেশের সৃজনশীল প্রকাশকরা। অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই একাডেমি কর্তৃপক্ষ এই তারিখ চূড়ান্ত করেছে বলে অভিযোগ তুলেছেন তারা।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে প্রকাশকরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কোনো পক্ষের মতামত না নিয়ে মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে, যা প্রকাশনা শিল্পের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে।
সৃজনশীল প্রকাশকদের মতে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় ওই সময়ে বইমেলা আয়োজন করলে পাঠক উপস্থিতিতে বড় ধরনের সংকট দেখা দেবে। এর ফলে স্টলকর্মীদের ওপর যেমন অমানবিক চাপ সৃষ্টি হবে, তেমনি প্রকাশকদের জন্যও নিশ্চিত আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার চেয়ে এই মানবিক ও বাণিজ্যিক বিপর্যয় অনেক বেশি বাস্তব এবং তাৎক্ষণিক। কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়া গৃহীত এই সিদ্ধান্ত বইমেলার ঐতিহ্য ও সফলতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তারা। এ অবস্থায় মেলার সময়সূচি নিয়ে পুনরায় বিবেচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























