আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ আয়োজন করেছে এক জমকালো ‘প্রেস প্রিমিয়ার’। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘লা রিভ ঈদ এডিট’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের আসন্ন ঈদ কালেকশনের আগাম ঝলক উন্মোচন করে। বর্ণিল আলোকসজ্জা, লাইভ মিউজিক এবং আভিজাত্যের আবহে এই আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সামনে লা রিভের আসন্ন ঈদ ক্যাম্পেইনের আকর্ষণীয় ভিডিওচিত্রগুলো প্রদর্শন করা হয়। এরপর স্বাগত বক্তব্যে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস এবারের ঈদ কালেকশনের মূল ভাবনা ও ডিজাইন দর্শন তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের ঈদ কালেকশনে ১০টি বিশেষ ‘প্রিন্টস্টোরি’ বা নকশা-শৈলী নিয়ে কাজ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাম্বার হেজ, গ্লোবাল গ্রিডস, রেডিয়েন্ট ফারভর, আর্টফুল ডাইমেনশন এবং মেডিটেরিয়ান ইন্সপিরেশন।
এবারের কালেকশনে রঙের ব্যবহারে আনা হয়েছে বৈচিত্র্য ও গভীরতা। টিল ও চেরি রেডকে প্রধান রং হিসেবে রেখে এর সাথে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং টাইড ব্লুর মতো আধুনিক প্যালেট ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক উষ্ণতা ফুটিয়ে তুলতে ওয়ালনাট ব্রাউন ও সয় সসের মতো আর্থি টোন এবং মুডি ব্লুর মতো শ্যাডো প্যালেটের ব্যবহার পোশাকে যোগ করেছে ভিন্নধর্মী আভিজাত্য।
ফ্যাশন ট্রেন্ড নিয়ে আলোচনা করতে গিয়ে মন্নুজান নার্গিস জানান, ২০২৬ সালের ঈদে ম্যাক্রো ফ্লোরাল প্রিন্ট, ফারশি সালোয়ার কামিজ, ড্রপ শোল্ডার এবং ওয়াইড লেগ প্যান্টের মতো পোশাকগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকবে। এবারের কালেকশনে শীত ও গ্রীষ্মের স্টাইলের একটি চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে, যা মূলত ‘ট্রানজিশনাল ফ্যাশন’ হিসেবে পরিচিত।
ফ্যাশনের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষের বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়। লা রিভ তাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চ্যাটবট ‘অ্যালিসা’র কার্যক্রম তুলে ধরে। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন আরও দ্রুততম সময়ে শপিং সাপোর্ট পাবেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ছিল বিশেষ স্পিন হুইল গেম এবং বিনোদনমূলক আয়োজন। পরিশেষে, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ঈদ ২০২৬-এর এই আগাম আয়োজন লা রিভের ডিজাইন বৈচিত্র্য এবং সৃজনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























