আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (সোমবার, ৫ ফেব্রুয়ারি) সারা দেশে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই আবহাওয়ার প্রভাবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার থাকবে, যা উত্তর বা উত্তরপশ্চিম দিক থেকে প্রবাহিত হবে। ভোরের দিকে ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশ থাকতে পারে। আজ সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৬টা ৩৭ মিনিটে সূর্যোদয় হবে।
রিপোর্টারের নাম 





















