নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি দেশবাসীকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়ে বলেন, ‘আসুন, সবাই মিলে অশান্তির মেঘ দূর করি।’
সরকারি তথ্য অনুযায়ী, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে সহিংসতার সূত্রপাত হয়। হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রায় উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের সঙ্গে তুমুল বিতণ্ডার একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দু’জন নিহত হন। এরপর পার্শ্ববর্তী সিরাহা জেলায় জারি করা কারফিউ ভেঙে বিক্ষোভ করার সময় গতকাল আরও এক ব্যক্তির মৃত্যু ঘটে।
পরিস্থিতির অবনতি ঠেকাতে স্থানীয় প্রশাসন সুনসারি ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে কঠোর কারফিউ জারি করেছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই ঘটনায় সব নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, নেতা, রাজনৈতিক দল ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য।’
প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ মাঠপর্যায়ে তৎপর রয়েছে। পুলিশের মুখপাত্র কাফ্লে জানিয়েছেন, পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন এবং ন্যূনতম বলপ্রয়োগ করে জনগণের জানমাল রক্ষা করার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
রিপোর্টারের নাম 



















