ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পঞ্চমবারের মতো পিছিয়েছে। মামলার তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আগামী ৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) শাখার সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা মামলাটির অধিকতর তদন্তের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। তবে ডিবি পুলিশের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।
মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন এখনো পলাতক রয়েছেন।
রিপোর্টারের নাম 





















