বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন যে, বিগত সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা হবে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের টাকা চুরি করে বিদেশে রাজার হালে বসবাস করতে দেওয়া হবে না, তাদের ‘ঘুম হারাম’ করে দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আত্মীয়তা বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। তিনি অঙ্গীকার করেন যে, শুধুমাত্র পাচারকৃত অর্থই নয়, এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের মুখোমুখি করা হবে। দেশের সম্পদ আত্মসাৎ করে যারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের আর এই সুযোগ দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি দেশ গড়ার নির্বাচন। জনগণের প্রবল চাপেই পরিবর্তনের ঢেউ উঠেছে বলে তিনি মন্তব্য করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও আন্দোলনে ‘জুলাই যোদ্ধারা’ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর-৪ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও মুক্তাগাছা-৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মঞ্জরুল ইসলাম ভূঁইয়া এবং ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম।
রিপোর্টারের নাম 






















