১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ৬ হাজার ২৪০ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন, যার মধ্যে উল্লিখিত সংখ্যক কারাবন্দি ভোটারও অন্তর্ভুক্ত।
একইসাথে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে এই ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে, কেবল সেগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
রিপোর্টারের নাম 





















