আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে গণসংযোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে ১১ দলীয় জোটের আয়োজিত বড় জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দিনের কর্মসূচির প্রথম ধাপে জামায়াত আমির কিশোরগঞ্জ সফর করবেন। সকাল সাড়ে ১০টায় কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি যোগ দেবেন। এই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি নির্বাচনী এলাকার জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনসভা সফল করতে জেলা জামায়াত গতকালই (সোমবার) সংবাদ সম্মেলন করে সব প্রস্তুতি শেষ করেছে।
কিশোরগঞ্জের কর্মসূচি শেষে জামায়াত আমির ময়মনসিংহের উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের জনসভায় তিনি বক্তব্য দেবেন। ময়মনসিংহের এগারোটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর আসনের (ময়মনসিংহ-৪) প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জানান, আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। সোমবার সকালেই শীর্ষ নেতারা জনসভার মাঠ পরিদর্শন করেছেন এবং বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।
ময়মনসিংহের কর্মসূচি সমাপ্ত করে ডা. শফিকুর রহমান সরাসরি গাজীপুরের দিকে যাত্রা করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এই সভায় জোটের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারাও বক্তব্য রাখবেন।
রিপোর্টারের নাম 






















