শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি। এই জামিন স্থগিত করতে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করে আগাম জামিন দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এর মাধ্যমে প্রশ্ন উঠেছে, খুনিরা কি পার পেয়ে যাবে? আইনের শাসনের প্রতি কি কোনো প্রকার অবজ্ঞা করা হচ্ছে?
জুবায়ের অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান এবং মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















