বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, যারা জনসম্পৃক্ততাহীন এবং নিজ এলাকায় পরিচিতিও নেই, তারা কীভাবে জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারে, তা নিয়ে তিনি সন্দিহান। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ৭৭ সাল থেকে এই আসনে নির্বাচন করলেও জয়ের ব্যাপারে কখনও তিনি নিশ্চিত হতে পারেননি। অথচ, যারা একবারও নির্বাচনে অংশ নেয়নি বা এলাকার উন্নয়নে যুক্ত ছিল না, তাদের জয়ের দাবি তাকে বিস্মিত করেছে।
সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে জোহরের নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, যারা জয়ের যোগ্য নয়, তাদের এই ধরনের আত্মবিশ্বাসী বক্তব্য নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত বহন করে।
এর আগে, বিকালে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও পার্শ্ববর্তী মার্কেট এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করার কথা রয়েছে তার।
মির্জা আব্বাস আরও বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে আইডি হ্যাক হওয়ার যে দাবি করা হচ্ছে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি জানান, আইডি হ্যাক হওয়ার পর এত দ্রুত সময়ের মধ্যে তা পুনরুদ্ধার করা সম্ভব, সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
রিপোর্টারের নাম 
























