বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, দেশের একটি বিশেষ রাজনৈতিক পক্ষ নারীদের প্রগতি ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করে তাদের ঘরের চার দেয়ালে বন্দি রাখতে চায়। তিনি বলেন, নারীদের প্রতি এমন অবমাননাকর দৃষ্টিভঙ্গি ও মধ্যযুগীয় মানসিকতা পোষণকারীরা দেশের সামগ্রিক উন্নয়নের পরিপন্থী।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত ‘মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের লড়াইয়ের জন্য অনেক নারীকে মনোনয়ন দিলেও একটি নির্দিষ্ট দল তাদের কোনো মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট হয় যে, তারা নারী সমাজকে মর্যাদা দিতে চায় না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধানের পক্ষ থেকে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নারী নেতৃত্ব ও তাদের অগ্রযাত্রার বিরোধী, দেশের নারী সমাজ কখনোই তাদের সমর্থন করতে পারে না।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, একটি পক্ষ নারীদের কর্মসংস্থান সংকুচিত করার ষড়যন্ত্র করছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে যাতে তারা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে। অথচ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, বৈষম্যহীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি গোষ্ঠী আজ সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়ে নারীদের অন্ধকার যুগে ঠেলে দিতে চাচ্ছে।
দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর কোনো দেশ বা সমাজ তার অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে না। নারীদের অবমাননা করার প্রতিবাদ হিসেবে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশে নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার ফলেই আজ নারীরা শিক্ষায় অনেক দূর এগিয়েছে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে মর্যাদাবান করতে কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























