সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে জনবল নিয়োগের মাধ্যমে আর্থিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. এহসানুল কবিরসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন— ইডিসিএলের সাবেক অর্থ পরিচালক (সিসি) ও কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (ক্রয়) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকার।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, ইডিসিএলের সাবেক এমডি অধ্যাপক ডা. এহসানুল কবির ও অন্যান্য কর্মকর্তারা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বোর্ড সভার অনুমোদন ছাড়াই পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। অনিয়মতান্ত্রিক এই নিয়োগের ফলে সরকারি প্রতিষ্ঠানটির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























