হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজ অফিসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের সেবা করা একটি পরম সৌভাগ্যের বিষয় এবং এই দায়িত্ব পালনে সবাইকে নিষ্ঠাবান হতে হবে।
ধর্মমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা হজযাত্রীদের সন্তোষজনক সেবা দেবেন, তাদের আগামীতেও এই সুযোগ দেওয়া হবে। তবে যারা দায়িত্ব অবহেলা করবেন, তাদের তাৎক্ষণিকভাবে মক্কা থেকে দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, তাই হজ টিমের সদস্যদের সতর্ক থাকতে হবে যেন সরকারের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক ও চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























