রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলার রায় আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ৩৬ জন আসামির বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন।
আদালত সূত্র জানায়, সোমবার সকালে এ রায় ঘোষণা করা হবে। প্রতিটি মামলায় ১৮ জন করে মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। গত ১৮ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিক সংশ্লিষ্ট অন্য মামলার যুক্তি উপস্থাপন শেষে একই দিনে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত।
প্রথম মামলার বিবরণী (শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ান):
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এই মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, অতিরিক্ত সচিব, সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী, সাবেক সদস্য, পরিচালক, সহকারী পরিচালক, উপ-পরিচালক, এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।
দ্বিতীয় মামলার বিবরণী (শেখ হাসিনা-টিউলিপ-আজমিনা):
অন্যদিকে, শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিক সংশ্লিষ্ট অন্য মামলার অভিযোগ থেকে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় শেখ হাসিনা ও টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এই মামলার অপর আসামিদের মধ্যেও জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৩১ জুলাই ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
রিপোর্টারের নাম 

























