বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই ধর্মের দোহাই দিয়ে সমাজে রাজনৈতিক বিভাজন তৈরি করতে চায়। দেশের ১৮ কোটি মানুষ এমন বিভাজন পছন্দ করে না। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিক পাড়া এলাকায় এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্র বিলুপ্ত করা হয়েছে, আর প্রতিবারই বিএনপির নেতৃত্বে তা পুনরুদ্ধার হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। রাজপথে রক্ত ঝরিয়ে তারা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই শহীদের আকাঙ্ক্ষা পূরণ এবং একটি সমৃদ্ধ দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির লক্ষ্য কেবল শিক্ষিত বেকার তৈরি করা নয়, বরং প্রতিটি মানুষকে কর্মক্ষম করে তোলা। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে আমরা উৎপাদনশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খাল খনন এবং প্লাস্টিক দূষণ রোধে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনি মাঠে থাকা অন্য দলগুলোর জনগণের কল্যাণে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। তারা কেবল ধর্মীয় বিভাজন সৃষ্টিতে ব্যস্ত। বিগত সময়ের অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করে দেশে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 























