দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন— ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব ও মো. মুসলিম আহমেদ।
এছাড়া বহিষ্কৃত অন্য নেতারা হলেন— থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম এবং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্দেশনা উপেক্ষা করে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে বহিষ্কৃত এই নেতাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিপোর্টারের নাম 























