রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক প্রার্থীকে ভাইভা চলাকালীন আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভাইভা পরীক্ষা চলছিল। এসময় একজন প্রার্থীর কাগজপত্র ও পরীক্ষার তথ্যাদি যাচাইকালে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। নিবিড় যাচাই-বাছাই শেষে এটি স্পষ্ট হয় যে, ভাইভা দিতে আসা ব্যক্তি মূল প্রার্থী হলেও তার লিখিত পরীক্ষা অন্য কেউ দিয়েছেন। এই জালিয়াতির প্রমাণ মেলায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে।
পরবর্তীতে, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারার অধীনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা প্রতারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























