চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় বিএনপির কোনো কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি। বরং নিজেদের দলীয় কর্মীদের সংবর্ধনা জানানোর যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে।
রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা জোর দিয়ে বলেন, বিএনপি একটি আদর্শিক দল এবং এর কোনো কর্মীর জামায়াতে যোগদানের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখা যাচ্ছে, তা দেখে জামায়াতে ইসলাম প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, বরং জামায়াত থেকে অনেকেই বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ রয়েছে। তবে বিএনপি এই বিষয়টিকে প্রচারণার জন্য ব্যবহার করতে আগ্রহী নয়। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব বলে তিনি মন্তব্য করেন।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, গুজব কেবল বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই একটি সমস্যা। তবে জামায়াতে ইসলামের সমকক্ষ কোনো দল আছে কিনা, তা তাঁর জানা নেই। তিনি জনগণকে এই ধরনের গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানান।
গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা উপস্থিত সকল ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, বিএনপি নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 























