বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সফর করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং নায়েবে আমীর সাইদুল হক বিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র মতে, আসন্ন জাতীয় নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ডা. শফিকুর রহমান এই জনসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানিয়েছেন, এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি মনে করেন, এই জনসভা স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
জনসভার প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা এবং তাদের বিভিন্ন অঙ্গসংগঠনগুলো সাংগঠনিকভাবে কাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 





















