রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বসতঘর ভাঙচুর করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে ৭৫ বছর বয়সী গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘর থেকে প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সময়ে দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে।
ঘটনার পরপরই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্বের ব্যবসায়িক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাস ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছর ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভীর মাধ্যমে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























