মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, বাংলাদেশে বিএনপি ও জামায়াত একসাথে থাকতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত থাকবে, কিন্তু এই দুটি দলের মধ্যে কোনো সহাবস্থান সম্ভব নয়। শনিবার দুপুরে জেলা শহরের খন্দকার নুরুল ইসলাম ‘ল’ একাডেমি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান ঢালী বলেন, “আমরা বাংলাদেশে থাকতে পারব না, আর এই জামায়াত, এই ঘৃণ্য রাজাকাররা বাংলাদেশে থাকবে, এটা হতে পারে না। হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত থাকবে—দুইটির একটি। সহাবস্থান হতে পারে না।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সতর্ক করে বলেন, “আমরা হয়তো মনে করছি যে আমরা ধানের শীষের কর্মী, আমাদের ভোট চলে আসবে। আমাদের কিছু করতে হবে না। আমাদের প্রতিপক্ষ কিন্তু অন্যভাবে কাজ করবে। গোপনে কাজ করবে, গুপ্তভাবে কাজ করবে, আপনারা সেটা ধরতেও পারবেন না। সেজন্য আপনাদের সবাইকে সচেতন হতে হবে।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। তিনি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া এত অত্যাচারের পরও উনি একটি কটু কথা বলেননি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা দান করেন।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র আক্তার হামিদ পবনসহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
রিপোর্টারের নাম 






















